Sunday, February 3, 2019

দূরত্ব

এখন আমার পাখির ডাকেই  ঘুম  ভাঙে,
কখনো শান্ত ভোরে অশান্ত ট্রেনের সাইরেনের ডাকে|
তুমি আজ ঐ অট্টালিকার এগারো তলে
সংসারে  নিয়োজিতপ্রাণ নারী|
যখন আমরা হাতে হাত ধরে পাশাপাশি হাঁটতাম-
সেই রাতগুলোর অন্ধকার গলিপথের নিয়ন আলোগুলো
সাক্ষী ছিল তোমার করা শতসহস্র অঙ্গীকারের |
কত হাসি ছিল, কত সুখ  ছিল,
তোমায় পাশে পেয়ে ইচ্ছেডানা স্বপ্ন দেখতো |
আজ ঐ রাস্তায় একা হেঁটে
আর পুরোনো সেই রাতগুলোর স্মৃতিচারণ করে
অজান্তেই চোখের কোনে জল গড়ালো |
তুমি বলতে পুরুষ মানুষের চোখের জল মানায় না ,
সত্যি তাই -এ অন্তরের যন্ত্রনাটা যদি একবার
ভেতর থেকে অনুভব করতে  তুমি -
হয়তো পরিস্থিতি,সমাজ আর দ্বায়িত্ববোধে
ভীষণ ব্যস্ত রাখো নিজেকে |
তোমার তো একটা বড় পৃথিবী  আছে -
তবু আমার ছিলে শুধু তুমি, আজও আছো |
কিন্তু দূরত্বটা যে এতো তাড়াতাড়ি এতটা বেড়ে  যাবে,
স্বপ্নেও ভাবি নি কখনো-  এতটাই জোর ছিল
তোমার ভালোবাসায় |
আজ যখন এই রাতে  বারান্দায় বসে
ক্ষীণ হয়ে আসা চাঁদের আলোয়  রাতের তারা গুনি,
আবারও চোখের জলে  আবছা হয় প্রকৃতি-
এখন কী? তুমি তো আর দেখছো না এ জল|
তুমি ভালো থেকো, সুখে থেকো |
কিন্তু এখনো স্বপ্ন দেখি -  তোমার ডাকেই ঘুম ভাঙার,
বাস্তবে তো ভোরে পাখির ডাকেই ঘুম ভাঙবে আমার |

No comments:

Post a Comment